চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
২৫ অক্টোবর চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে বন্দরনগরীতে। এই অবস্থায় সমঝোতার চেষ্টায় দুই দলের মধ্যে আলোচনার উদ্যোগ নিয়েছে পুলিশ।
২৫ অক্টোবর ঢাকায়ও পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ ও বিএনপি। সহিংসতার আশঙ্কায় পাঁচদিন আগে রবিবার থেকেই রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। তবে এর মধ্যেও বিএনপি তিনটি জায়গায় সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে। আর আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার। পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানের পর পুলিশের এই নিষেধাজ্ঞায়ও জনমনে আতঙ্ক কমছে না। এখন ঢাকার মতো চট্টগ্রামেও একই পরিস্থিতির উদ্ভব হয়েছে।
দুপুরে চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে লালদিঘী ময়দানের কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘২৫ অক্টোবর লালদীঘি ময়দানে যে কোন মূল্যে সমাবেশ করা হবে। এজন্য অনুমতিও নেয়া হয়েছে’।
একই দিন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় ২৫ ও ২৬ অক্টোবর লালদীঘি ময়দানে জনসভার ঘোষণা দেয়া হয়েছে। এতে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি দেশে নৈরাজ্য তৈরির চেষ্টা করছে। এর বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবেন তারাও।
একই জায়গায় দুই দলের পাল্টাপাল্টি সমাবেশের বিষয়ে জানতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মাসুদ উল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘২৫ অক্টোবর লালদীঘি ময়দানে উভয় দল সমাবেশের ঘোষণায় উদ্বেগের বিষয়টি আমরা শুনছি। এজন্য আমরা উভয় দলের সঙ্গে আলোচনা করবো। আলোচনার পর আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো’।




