শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সংলাপে বসার আহবান জানিয়ে বিএনপিকে শিগগিরই চিঠি দেবে আ'লীগ

সংলাপে বসার আহবান জানিয়ে বিএনপিকে শিগগিরই চিঠি দেবে আ’লীগ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

সংলাপে বসার আহবান জানিয়ে প্রধান বিরোধী দল বিএনপিকে শিগগিরই চিঠি দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী দু’তিন দিনের মধ্যেই এই চিঠি পাঠানোর প্রস্তুতি প্রায় চূড়ান্ত। তবে দু’এক দিনের মধ্যে সম্ভব না হলে ২৫ অক্টোবরের আগেই এ চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

সূত্রমতে, বিরোধী দলকে চিঠি দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ একটি বড় ফ্যাক্টর। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।ওই ভাষণকে বিরোধী দল কিভাবে নিচ্ছে, কি প্রতিক্রিয়া দিচ্ছে তা দেখেই চিঠি পাঠাবে ক্ষমতাসীনরা।

আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব মনে করে, ফলপ্রসু হওয়ার সম্ভাবনা না থাকলে শুধু শুধু সংলাপের চিঠি দিয়ে লাভ হবে না। কাজেই ক্ষমতাসীনদের পক্ষ থেকে বিরোধী দলকে চিঠি দেওয়ার বিষয়টি কার্যত বিএনপির আগ্রহের ওপরই ঝুলে থাকছে।

এমন পরিস্থিতিতে বিরোধী দলকে সংলাপে আনতে অনানুষ্ঠানিক সংলাপও চালাচ্ছে সরকার পক্ষ। এ নিয়ে এরই মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে একাধিক দফায় ফোনালাপ হয়েছে বলেও আভাস দিচ্ছে উভয় দলের সূত্র।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ  বলেন, বিএনপির আগ্রহের ওপর ভিত্তি করেই তাদের চিঠি দেওয়া হবে। শুক্রব‍ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এ ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি কি করে তা আমরা পর্যবেক্ষণ করবো।

সূত্র বলছে, দেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে ঈদের আগে আগে বৈঠকে বসার কথা ছিলো সৈয়দ আশরাফ ও মির্জা ফখরুলের। রাজধানীর কোন রেস্তোরাঁয় অথবা ঢাকাস্থ এক বিদেশি কূটনীতিকের বাসভবনে ওই বৈঠক হওয়ার কথা ছিলো সাংবাদিকদের এড়িয়ে। কিন্তু ওই বৈঠকের খবর আগেই প্রকাশ হয়ে পড়ায় উভয় পক্ষই পিছিয়ে যায়।

পরে আর অনানুষ্ঠানিক নয়, আনুষ্ঠানিক চিঠি দিয়ে সংলাপের সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জোর আভাস দিচ্ছে একাধিক দলীয় সূত্র।

প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে দেশের রাজনীতিতে গত কয়েক বছর ধরে চলে আসা টেনশন সম্প্রতি সঙ্কটে রূপ নিয়েছে। একদিকে দলীয় সরকারের অধীনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোট। অপরদিকে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনঢ় থাকায় দেশের রাজনীতিতে অনিশ্চয়তার ঘোর অমানিশা তৈরি হয়েছে। উভয় দলের এমন একগুঁয়ে অবস্থানের কারণে অক্টোবর সহিংসতার পুনরাবৃত্তি হতে পারে বলেও আশঙ্কা করছেন রাজনীতি বোদ্ধারা।  তাই দেশের প্রধান দুই রাজনৈতিক দলের সংলাপের দিকেই এখন তাকিয়ে রয়েছে দেশের সব শ্রেণি-পেশার মানুষ। এছাড়া সংলাপে বসার ব্যাপারে তাগাদা রয়েছে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থারও।

আরও পড়ুন

সর্বশেষ