শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকেই রাজধানীর প্রায় সকল বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে।পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব সবাই মিলে বিনোদন কেন্দ্রে আনন্দ-উল্লাস করেছেন। আর এসব বিনোদন কেন্দ্র ঘিরে ফুচকা, ঝালমুড়ি, বাদাম বিক্রেতাদের ব্যবসাও হচ্ছে বেশ ভালো।

ঈদের দ্বিতীয় দিন বিকালে  লালবাগ কেল্লায় কথা হয় আজিমপুরের বাসিন্দা শফিকের সাথে। ছেলে মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে এসেছেন। তিনি বলেন, এটা আমাদের মহল্লার একটি ঐতিহ্য। ছোটবেলায় ঈদ বা বছরের অন্য যে কোনো সময় এখানে বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দিতাম। বিয়ে হওয়ার পর এখন আর তেমন একটা আসা হয় না এখানে। বছরের দুই ঈদে বাড়িতে এলে লালবাগ কেল্লায় আসতে ভুলি না।এমন আরও হাজারো মানুষের দেখা মেলে লালবাগ কেল্লায়।

রাজধানীর অপর বিনোদন কেন্দ্রগুলোয়ও একই চিত্র দেখা যায়। বিনোদন কেন্দ্রের তালিকায় নতুন যোগ হওয়া দৃষ্টিনন্দন হাতিরঝিল, মিরপুর ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভাল ছিল লোকে লোকারণ্য। স্থানীয় এলাকার বাসিন্দারা এসব বিনোদন কেন্দ্রে ঈদের অবসর সময় ঘুরেফিরে কাটিয়েছেন। পুরনো ঢাকার আহসান মঞ্জিল, বলধা গার্ডেন, লালবাগ কেল্লা ও ভ্রমণপিপাসুদের পদচারণায় ছিল মুখর। মিরপুর চিড়িয়াখানা, রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, শহীদ জিয়া শিশুপার্ক, নন্দন পার্ক, ধানমণ্ডি লেক, সংসদ ভবন এলাকা, শ্যামলী শিশুমেলায় ছিল উপচেপড়া ভিড়। এ ছাড়া পাড়া-মহল্লার পার্ক, উদ্যান, খোলা জায়গা, খেলার মাঠেও ছিল উপচেপড়া ভিড়। বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় আরও কয়েকদিন চলবে বলে সংশ্লিষ্টরা জানান। মিরপুর চিড়িয়াখানার দর্শনার্থী সবচেয়ে বেশি। এখানে বন্য পশুপাখির বিচিত্র সব কাণ্ড-কারখানা দেখে মজার সময় অতিবাহিত করেন বিভিন্ন বয়সী মানুষ।

আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্কেও ছিল বেজায়  ভিড়। এ সবের পাশাপাশি সিনেমা হলগুলোতে নতুন ছবি দেখার জন্য দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। বিশেষ করে স্টার সিনেপ্লেক্স ও বলাকা সিনেপ্লেক্সে ভিড় ছিল প্রচুর। যমুনা ফিউচার পার্কের থিম পার্ক ও ব্লকবাস্টার সিনেমা হলে ভিড় ছিল লক্ষ্য করার মতো।

রায়েরবাজারের মুক্তি সিনেমা হল, পিলখানার বিজিবি সিনেমা হল, কারওরানবাজারের পূর্ণিমা সিনেমা হল, মিরপুরের সনি সিনেমা হলসহ রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহে এখন বিনোদনপ্রেমী মানুষের ঢল। ঢাকা ফাঁকা ছিল না বুধবার। তবে সাধারণ পরিবহন কম চলেছে। রিকশা চলেছে দাপটে। সেই সুযোগে বাড়তি ভাড়া আদায় করে নিয়েছে চালকরা।

এদিকে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোয় নির্বিঘ্নে মানুষের চলাচল ও নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ছুটির দিনেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ