চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
ঈদের পর সরকার বিরোধী আন্দোলন সফল করতে আদাজল খেয়ে মাঠে নামছে বিএনপি। এজন্য প্রতিটি ভোট কেন্দ্রে সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতারা। এরই মধ্যে নগরীতে সংগ্রাম কমিটি গঠনের কাজ শুরু হয়ে গেছে। চট্টগ্রামের বিএনপি নেতারা বলছেন, সরকার যতই টালবাহানা করুক ২৪ অক্টোবরের পর বিরোধী দলের আন্দোলন দমিয়ে রাখতে পারবে না সরকার। আন্দোলন অবশ্যই হবে।
নির্বাচনের শিডিউল ঘোষণার আগ পর্যন্ত সংসদ চলবে বলে সরকার যে ঘোষণা দিয়েছে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল উল্লেখ করে চট্টগ্রামের বিএনপি নেতারা বলছেন, সরকার গায়ের জোরে যেটা করতে চাচ্ছে তা ভবিষ্যতে সরকারের জন্যই ক্ষতি হবে।
তারা বলছেন, ভোট জনগণের অধিকার। এ অধিকার কেড়ে নেয়ার শক্তি কারো নেই। আর অধিকার কেড়ে নিতে চাইলে জনগণ বসে থাকবে না। তারা যে কোন মূল্যে প্রহসণের নির্বাচন প্রতিহত করবে।
এদিকে ঈদের পর সরকার বিরোধী আন্দোলন সফল করতে নগরীর থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন নগর বিএনপির নেতারা। নগরীর মেহেদীবাগ এলাকায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে ১১টি থানা, ৪১টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
ওই সভায় জরুরি ভিত্তিতে নগরীর প্রতিটি ভোট কেন্দ্রে সংগ্রাম কমিটি গঠন করার সিদ্ধান্ত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে আন্দোলন নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সকালে ১৮ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসার কথা রয়েছে। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় ২৪ অক্টোবর পরবর্তী সরকার বিরোধী আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে নগর বিএনপির এক সিনিয়র নেতা বলেন, সভায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতনে দলের করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। এরই মধ্যে নগরীর থানা ও ওয়ার্ড পর্যায়ে শীর্ষ নেতাদের আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
সরকার পতনের আন্দোলন নিয়ে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার ভোট চুরি করার যে পায়তারা শুরু করেছে তা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। তিনি বলেন, সরকার না বুঝলেও আমরা বুঝি জনগণ কি চায়। তাদের অধিকার হরণ হোক এটা চায় না। তাই জনগণ আমাদের সঙ্গে রয়েছে। তাদের সাথে নিয়েই সরকারের এ প্রহসনের নির্বাচন প্রতিহত করবো আমরা। সরকার যদি না বুঝে তার দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে। নগর বিএনপি সভাপতি জানান, সরকার যতো কিছুই করুক ২৫ অক্টোবর থেকে সরকার বিরোধী আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। যে কোন মূল্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকারের দাবি আদায় করা হবে।
নগর বিএনপির সভাপতি বলেন, ‘ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে সরকার পতনই হচ্ছে একমাত্র লক্ষ্য। ২৪ অক্টোবরের পর শেখ হাসিনার কোন নির্দেশ দেশবাসি মানবেনা। ২৪ অক্টোবরের পর জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র মুক্ত হবে।’
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার এখনো সময় আছে উল্লেখ করে সরকারের উদ্দেশ্যে বলেন, না হলে ২৪ অক্টোবরের পর গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটানো হবে। সরকার পতনের আন্দোলন বিষয়ে নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, সরকার যাই বলুক আমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। তিনি বলেন, জনগণ হলো মূল শক্তি। তারা চায় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হোক। তাই জনগণ যেটা চায়না সেটা বাংলাদেশে কখনোই হবে না। আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করে ছাড়বো।
আমীর খসরু বলেন, সরকার চাইলে ভালোভাবে বিদায় নিতে পারতো। প্রয়োজনে নির্বাচনের মাধ্যমে আবারো তারা ক্ষমতায় আসতো। তাতে তো অসুবিধা ছিল না, কিন্তু সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায়। সরকারের উদ্দেশ্য জনগণের কাছে প্রকাশ পেয়েছে। তাই তাদের ভোটের অধিকার কেড়ে নিতে চাইলে মানুষ চুপ করে থাকবে না। তারা যে কোন মূল্যে সাংবিধানিক অধিকার রক্ষা করবে।




