ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
আন্দোলনে জয়ের জন্য ‘ফাইনাল খেলার’ প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ‘এক সপ্তাহ প্রস্তুতি নিয়ে ফাইনাল খেলতে হবে। কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে, সেমিফাইনাল হয়ে গেছে আন্দোলনে জয়ের জন্য এবার ফাইনাল খেলতে হবে। খেলায় না জিততে পারলে আমাদের অস্তিত্ব থাকবে না। জনগণের কাছে জবাবদিহি করতে হবে। ’
সোমবার রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, সামনে রাস্তা একটাই। সেটা হলো দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করা। সরকার ফায়দা লোটার জন্য ২৪ অক্টোবরের পরও সংসদ অধিবেশন চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এরইমধ্যে বিদেশে চলে গেছেন। অনেকে বিদেশে বাড়ি তৈরি করেছেন। জনগণের সাথে মুনাফেকি করবেন না, তাহলে পলাবারও পথ পাবেন না।




