মিস ইউনিভার্স অলিভিয়া কালপো (২১) তাজমহলে ছবি তোলার জন্য ভারতের কাছে দু:খ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন। মিস ইউনিভার্স হওয়ার পর অলিভিয়া আমেরিকার রোড আইল্যান্ড থেকে দশ দিনের সফরে ভারতে আসেন। সফরে তিনি ভালোবাসার নিদর্শন তাজমহলে যান। সেখানে তিনি একটি ব্র্যান্ডের জুতা পরে কামেরার সামনে পোজ দেন এবং ব্রিটিশ প্রিন্সেস ডায়ানা আসনে বসেন। ডায়ানা ১৯৯২ সালে তাজমহলে আসলে ওই আসনটির নামকরণ ডায়ানা করা হয়।
ওই আসনের তত্ত্বাবধায়ক বিষয়টি দেখে পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ অলিভিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে। কারণ, তাজমহলে কোনো বিজ্ঞাপনের কাজ করা আইনত দণ্ডণীয়।
এক বিবৃতিতে মিস ইউনিভার্স অলিভিয়ার পাশাপাশি মিস ইউনিভার্স অরগ্যানাইজেশনও গভীরভাবে দু:খ প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, অলিভিয়া তার ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও ডায়ারি করেছিলেন। আর ওই ফুটেজ অলিভিয়া কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে করেননি। সংগঠনটি আরো বলে, ‘এরপরও আমরা আন্তরিকভাবে দু:খিত।’
অলিভিয়া ছাড়াও ভারতে জন্ম নেয়া ফ্যাশন ডিজাইনার সনজানা জনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ঐতিহাসিন নির্দশনে নিয়ম ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে তাদের দুজনকে জরিমানা করা হতে পারে।




