ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
আশুলিয়ার জিরানি বাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে লিবার্টি ফ্যাশনের শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এসময় তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে আহত হন সাত শ্রমিক। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল ৯টার দিকে বিক্ষোভ শুরু করেন লিবার্টির শ্রমিকরা।
তারা জিরানি-শিমুলিয়া সড়কে অবস্থান নিয়ে ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি। সড়কের বিভিন্ন স্থানে টায়ার, কাঠে আগুন ধরিয়ে যান চলাচলে বাধার সৃষ্টি করে। পরে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিতে চাইলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহামান, শ্রমিকরা ভাঙচুর ও অবরোধের চেষ্ট করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। পরে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়তে বাধ্য হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।




