রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়সম্প্রচার নীতিমালার আলোকে টক শো সম্প্রচারিত হবে : ইনু

সম্প্রচার নীতিমালার আলোকে টক শো সম্প্রচারিত হবে : ইনু

বিশেষ প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলোতে টক শোর নামে যে অনুষ্ঠান দেখানো হয় তা পরিচালনার ক্ষেত্রে কোন নীতিমালা নেই জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হুক ইনু বলেছেন, জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া মতামতের জন্য ওয়েব সাইটে দেয়া আছে। এ নীতিমালা চূড়ান্ত হলে নীতিমালার আলোকে টক শো সহ অন্যান্য অনুষ্ঠান সম্প্রচারিত হবে বলে তিনি জানান। বুধবার জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলোর টক শোর নীতিমালা রয়েছে কিনা প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী একথা বলেন।

বিটিভির উদাহরণ দিয়ে ইনু বলেন, যে কোন ইলেকট্রনিক মিডিয়ার টক শোতে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিকে আমন্ত্রণ করা প্রয়োজন। রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বিটিভি প্রচারের ব্যাপারে সামাজিক এবং রাজনৈতিক পেক্ষাপট মাথায় রেখে টক শোতে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিদের আমন্ত্রন জানিয়ে থাকে।

তথ্যমন্ত্রী জানান, সম্প্রচার সেক্টরের মাধ্যমে মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে আন্তর্জাতিক নীতি ও মানদন্ড অনুসরণ এবং তথ্যের অবাধ প্রাপ্তি নিশ্চিত করে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা’র খসড়া প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সংবাদপত্র কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে, ঘোষিত ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দেয়া। গত ৭ম ওয়েজবোর্ড মাত্র ৬২টি পত্রিকা বাস্তবায়ন করেছে। ৮ম ওয়েজবোর্ড অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য মালিকদের আহবান জানিয়েছি। সংবাদপত্র জগতে শৃংখলা আনার জন্য ওয়েজবোর্ড বাস্তবায়ন করা দরকার। এ জন্য ত্রিপক্ষীয় কমিটি আছে। তারা বিষয়টি তদারকী করবে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গণ্যমাধ্যমের স্বাধীনতা রয়েছে। কিন্তু গণমাধ্যমে মিথ্যাচার ও সাম্প্রদায়িক উস্কানী প্রদান করার অধিকার দেয়া হয়নি। প্রচলিত আইন থাকা সত্বেও টিভি বা প্রিণ্ট মিডিয়ায় জন্য জাতীয় সম্প্রচার নীতিমালা করা হচ্ছে। তখন এ নীতিমালা অনুযায়ী একটি সম্প্রচার কমিশন গঠন করা হবে। এ কমিশনের মাধ্যমে কর্তৃপক্ষ মুখোমুখি হবে এবং শাস্তির ব্যবস্থা থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন

সর্বশেষ