ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বেগম জিয়া সিলেটের জনসভায় ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে সংগ্রাম পরিষদ গঠনের কথা বলেছেন। এর মাধ্যমে তিনি মানুষের মৌলিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কারন ভোট প্রদান মানুষের মৌলিক অধিকার বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাবু সুরঞ্জিত সেন গুপ্ত।
রবিবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে যুদ্ধাপরাধীর বিচার নিয়ে বিএনপি’র ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা মুজিব হবো আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
তিনি আরো বলেন, এদেশের মানুষ নির্বাচন পাগল। বাংলাদেশের মানুষের কাছে নির্বাচন একটি উৎসবের মত। অতীতেও সৈরাচারী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে তা ফিরিয়ে এনেছি।
মন্ত্রী বলেন, বাংলার মানুষ এই ধরনের অগনতান্ত্রিক কার্যক্রম মেনে নেয়নি নেবেও না। তাই আপনার প্রতি আহবান এই সর্বনাশা অগনতান্ত্রিক পথ থেকে সরে এসে আলোচনায় আসুন। যাতে করে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়। আর নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইন ফিল্ড তৈরী করা যায়।
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আর যদি তা না হয় তাহলে আপনি নিশ্চই ষড়যন্ত্রে লিপ্ত আছেন। সংবিধান লঙ্ঘন করছেন যা রাষ্ট্রোদ্রহীতার সামিল। আর আমাদেরকে নির্বাচন প্রতিহতের হুমকি ধমকি দিয়ে লাভ নেই। আমরা এগুলোকে ভয় পাই না। বঙ্গবন্ধু কন্যা কখনোই আপনার হুমকি ধমকির ভয়ে সংবিধানিক পথ থেকে কখনো সরে আসবে না।
এই নেতা বলেন, আপনাদের মূলত উদ্দেশ্য নির্বাচন প্রতিহত নয় যুদ্ধাপরাধীদের বাঁচানো। জাজমেন্টের কাগজ চুরি করে যেমনি যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না তেমনি নির্বাচন প্রতিহতের হুমকি দিয়েও তাদের বাঁচানো যাবে না। তাই আমি আবারো আহবান করছি এখনো সময় আছে আলোচনায় আসুন।
বঙ্গবন্ধু একাডেমীর চেয়ারম্যান, আমরা মুজিব হবো ও হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, সাম্যবাদি দলের নেতা হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর সাধারন সম্পাদক হুমায়ুন কবীর মিজি প্রমুখ।




