ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি । ১২ নভেম্বর মঙ্গলবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন ভূমিমন্ত্রী।
শোক বিবৃতিতে ভূমিমন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন মন্ত্রী।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। ১১ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এ সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।




