ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সুবিচার পাননি বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রায়ের একদিন পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
সাকা চৌধুরীর ফাঁসির রায়কে বিরোধীদলকে দমনের চক্রান্ত দাবি করে এর প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ফখরুল। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ঢাকায় বিক্ষোভ হবে বিকাল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত সাতটি রায় দেয়া হলেও এই প্রথম কোনো প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। তবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্ন করতে দেয়া হয়নি। লিখিত বক্তব্য পাঠ করে চলে যাওয়ার সময় সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘কোনো প্রশ্ন নয়’।
মুুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর চিহ্নিত দোসর সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের দাবিতে যুদ্ধের পর থেকেই আন্দোলন চলছে দেশে। ১৯৭১ সালের সেপ্টেম্বরে মুক্তিযোদ্ধাদের অভিযানে আহত হয়ে দেশ ছাড়েন সাকা চৌধুরী। পরে ১৯৭৪ সালে দেশে ফিরেন তিনি। সে সময় যুদ্ধাপরাধের রায়ে তার বাবা ফজলুল কাদের চৌধুরী কারাগারে ছিলেন। বন্দি অবস্থাতেই মারা যান তিনি।
বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনীতিতে সক্রিয় হন সাকা চৌধুরী। এরপর থেকেই তার বিচারের দাবি করে আসছে তার নির্যাতনের শিকার ও মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ। প্রভাবশালী এই নেতার বিচার শুরুর পর থেকেও বিচার নিয়ে নানা বিতর্কের চেষ্টা করেছেন তিনি। রায়ের আগের রাতে রায় ফাঁসও এরই অংশ হিসেবে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।
তবে বিএনপি দাবি করছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় সরকারের চক্রান্তের অংশ। ফাঁস হওয়া রায় আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দপ্তর থেকে এসেছে বলেও দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।
সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পর পরই বিষয়টি নিয়ে বিতর্ক ওঠার পর আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছিলেন, যেখান থেকে রায় ফাঁস হয়েছে বলে দাবি করা হয়েছে, সেখানে কোনো কম্পিউটার নেই। আর যার কম্পিউটার থেকে এই রায় ফাঁস হয়েছে বলা হয়েছে, সে নামে কোনো ব্যক্তি আইন মন্ত্রণালয়ে কাজ করেন না। তবে কারা এবং কোত্থেকে এই রায় ফাঁস করেছে তা তদন্ত করার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী।
তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরদিন সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ‘আইন প্রতিমন্ত্রী মন্ত্রণালয় থেকে রায় ফাঁস হওয়ার কথা শিকার করে তদন্তের কথা বলেছেন। ট্রাইব্যুনালের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। এ থেকে প্রমাণ হয় সালাউদ্দিন কাদের চৌধুরী সুবিচার পাননি’।
মির্জা ফখরুল বলেন, ‘ফাঁসির রায় দেয়ায় আমরা বিস্মিত হয়েছি। বিএনপি সব সময় আন্তর্জাতিক মানসম্মত বিচারের পক্ষে। কিন্তু প্রমাণ হয়েছে সরকার রাজনৈতিক প্রতিপক্ষ দমনের জন্য রায় দিয়েছে’। অবশ্য আন্তর্জাতিক মান বলতে কী বোঝায় সে বিষয়ে কিছু বলেননি মির্জা ফখরুল।




