রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আজ কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি

আজ কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট আজ বুধবার বিকেলে তার নিজ এলাকা কিশোরগঞ্জের ইটনায় আসছেন। রাষ্ট্রপতি হওয়ার পর নিজ এলাকায় এটিই তার আনুষ্ঠানিক প্রথম সফর। রাষ্ট্রের প্রধানকে বরণ করতে চেষ্টার কমতি রাখছে না ইটনাবাসী।

প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সম্ভাব্য যাতায়াতের রাস্তাগুলোতে চলছে সংস্কারের কাজ। ইটনা কলেজ মাঠে তৈরি হচ্ছে এযাবৎ কালের সর্ববৃহৎ গণসংবর্ধনা মঞ্চ ও প্যান্ডেল। ময়লা আবর্জনায় ঢেকে থাকা মানুষ চলাচলের অযোগ্য রাস্তাগুলোও হাতের স্পর্শ পেয়েছে। পরিচ্ছন্ন এক এলাকায় রূপ পেয়েছে প্রত্যন্ত হাওর ইপজেলা ইটনা।
রাষ্ট্রপতিকে সংবর্ধনা আর শুভেচ্ছা জানাতে বসে নেই জেলার রাজনৈতিক নেতাকর্মীরাও। তাদের সঙ্গে তাল মিলিয়ে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো গণসংবর্ধনাকে সফল করার প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তার বিষয়ে প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে কয়েক দফা বৈঠক শেষে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে পুরো এলাকা।গণমানুষের প্রাণপ্রিয় এই নেতাকে বরণ করতে সর্বস্তরের মানুষের মাঝে চলছে উৎসাহ ও উদ্দীপনার আমেজ।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকা। এরই মধ্যে পুলিশ, র‌্যাব, আর্মি ও গোয়েন্দা বিভাগসহ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বিভিন্ন স্থানে। গণসংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সমরেশ রায়  বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখন শুধু রাষ্ট্রপতির আগমনের অপেক্ষা।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন আওয়ামী লীগের এই বর্ষিয়ান রাজনীতিবিদ। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজ নির্বাচনী এলাকা ইটনায়  আনুষ্ঠানিকভাবে এটাই তাঁর প্রথম সফর।
আরও পড়ুন

সর্বশেষ