ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সদস্য পদ হারাবেন সালাহউদ্দিন কাদের চৌধুরী। কারণ গঠনতন্ত্রে স্পষ্ট বলা আছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী কোনো ব্যক্তি সংগঠনের সদস্য হতে পারবে না। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিচার কাজ শেষ হয়েছে। আজ মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যের বিরুদ্ধের করা মামলার রায় ঘোষণা হবে।
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন সময়ে বিভিন্ন অপরাধের বিষয়ে ২৫টি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১৭টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি, সাকা চৌধুরীর বিরুদ্ধে যেসব অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তাতে তার সর্বোচ্চ শাস্তি হওয়ার সুযোগ রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আলম মালুম বলেন, ট্রাইব্যুনালের কাছে তারা সাকা চৌধুরীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- প্রত্যাশা করছেন।
এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ছয়টি রায় এসেছে। এর মধ্যে মৃত্যুদ- ছিল চারটি। বাকি দুইটির মধ্যে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদ- ও জামায়াত নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছিল ট্রাইব্যুনাল। কিন্তু আপিল বিভাগের চূড়ান্ত রায়ে কাদের মোল্লারও মৃত্যুর দ-াদেশ হয়েছে। তাই অন্যান্য রায় বিবেচনায় নিলে সালাহউদ্দিন কাদের চৌধুরীরও কোনো না কোনো মেয়াদে সাজা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সাজাপ্রাপ্ত হওয়ার পরই বিএনপিতে তার সদস্য পদ নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে। কারণ দলের গঠনতন্ত্রের ৫ নম্বর ধারার ‘ক’ অনুচ্ছেদের ২ নম্বর উপধারায় স্পর্শ বলা আছে-‘বাংলাদেশের স্বাধীনতায়, সার্বভৌমত্ব ও অখ-তার বিরোধী, গোপন সশস্ত্র রাজনীতিতে বিশ্বাসী সক্রিয়ভাবে সংশ্লিষ্ট কোন ব্যক্তি বা সমাজ বিরোধী ও গণবিরোধী কোন ব্যক্তিকে এই সংগঠনের সদস্য পদ দেয়া হবে না।’
তবে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে যেহেতু আপিল বিভাগে আবেদনের সুযোগ রয়েছে তাই সেখানে মামলার রায়টি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত এবিষয়ে সিদ্ধান্তের ব্যাপারে বিএনপিকে অপেক্ষা করতে হতে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আমরা রায়ের ঘোষণার অপেক্ষায় আছি। রায়ের পর দল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। রায়ের আগে এনিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে বিএনপির যে সাংগঠনিক আইন রয়েছে তা তার নিজস্ব গতিতেই চলবে।’
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পর বিএনপি তার প্রতিক্রিয়া জানাবে।’




