রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপসারাদেশে চলছে মৃদু-মাঝারি তাপপ্রবাহ

সারাদেশে চলছে মৃদু-মাঝারি তাপপ্রবাহ

ঘূর্ণিঝড় ফণীর পর রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বয়ে চলা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে ওষ্ঠাগতপ্রাণ। সর্বোচ্চ তাপমাত্রা ফের চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই করছে। সোমবারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, তখন কিছুদিনের জন্য সহনীয় পর্যায়ে নেমে আসবে তাপমাত্রা।

পাঁচদিন ধরে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রায় বৃষ্টিহীন বৈশাখে বিরাজমান অস্বস্তিকর গরম অব্যাহত থাকতে পারে আরও এক-দুই দিন।

শুক্রবার রাজশাহীতে তাপমাত্রা উঠেছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়ে শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি। এই গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের।

টানা দাবদাহে হিটস্ট্রোক, ডায়রিয়া ও পানিবাহিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বাড়ছে হাসপাতালে। গরমের কারণে সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বয়স্করা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রবিবার রাতে অথবা সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসবে। তবে এই বৃষ্টিপাত শেষ হলেই আবার চড়তে থাকবে তাপমাত্রার পারদ।

দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপ্রাবাহ অর্থাৎ ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা বয়ে যেতে পারে। অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের আভাস রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ