রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবজ্রপাতকে বিস্ফোরণ বলে মামলা দেওয়ার অভিযোগ বিএনপির

বজ্রপাতকে বিস্ফোরণ বলে মামলা দেওয়ার অভিযোগ বিএনপির

এখন আর বোমা বা ককটেল বিস্ফোরণ করতে হয় না, রাতে যে বজ্রপাত হয় সেই বজ্রপাতের শব্দকে বোমা বিস্ফোরণ হিসেবে চালিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। একইভাবে বায়েজিদ থানায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীদের নামে মামলা করেছে পুলিশ। এছাড়াও গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহুমদ চৌধুরীকে যখন কারাগারে প্রেরণ করা হয়, তখন নেতাকর্মীদের সাথে পুলিশের কোন কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। অথচ পুলিশের উপর হামলা ও সরকারী কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ বিএনপির ১৫০ জন নেতাকর্মীর নামে গায়েবি মামলা করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। ২২ অক্টোবর চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে কাজীর দেউড়ি নাসিমন ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি এসব কথা বলেন।

আবুল হাশেম বক্কর বলেন, বিনাভোটে নির্বাচিত সরকার আবারো ক্ষমতায় যাওয়ার জন্য মাতাল হয়ে গেছে। আগে বিএনপিকে সভা সমাবেশের জন্য অনুমতি দিত না। এখন জাতীয় ঐক্যফ্রন্টকেও সমাবেশ করার অনুমতি দিচ্ছে না। এই ঘটনা থেকে অনুমান করা যায়, হিটলার ও মুসোলনীর প্রেতাত্মা ধারণকারী বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কথা বলার কোন দল বা ব্যাক্তিকে সহ্য করতে পারছে না। তারা সরকারের মন্ত্রী-এমপি ও দলীয় নেতাদের অনিয়ম দুর্নীতি যাতে প্রকাশ ও প্রচার করতে না পারে সেই ব্যাবস্থা হিসাবে গণমাধ্যম নিয়ন্ত্রণে আইন করেছে। এখন নতুনভাবে করা হচ্ছে সম্প্রচার নীতিমালা আইন। এর মাধ্যমে ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণের ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। আমরা গণমাধ্যম নিয়ন্ত্রণের সকল আইন বাতিল, বাকস্বাধীনতা, আইনের শাসন, নাগরিকের ভোট, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি।

তিনি আরো বলেন, বর্তমান সরকার আরেকটি এক তরফা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন  দেখছে। তাই সরকারের নির্দেশে পুলিশ নির্বিচারে বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ভৌতিক বা গায়েবি মামলা দায়ের করে চট্টগ্রামসহ দেশজুড়ে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। সরকারের মাতলামি পেয়ে বসেছে পুলিশকেও। আর এ কারণেই দুই বছর আগের মৃত ব্যাক্তি, প্রবাসে অবস্থানকারী এবং দীর্ঘদিন ধরে কারাগারে আটক মানুষদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করছে। নেশাগ্রস্থ মাতাল ব্যক্তির যেমন কোন হিতাহিত জ্ঞান থাকে না, ঠিক তেমনিভাবে ক্ষমতার নেশায় মত্ত এই সরকার এবং তাদের পোষ্য পুলিশবাহিনীও গায়েবি বটিকা খেয়ে বেসামাল হয়ে পড়েছে। তাই দেশের সকল গণতন্ত্রকামি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই মত্ত মাতাল সরকারের বিরুদ্ধে মাঠে নামার আহবান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, কাজী বেলাল উদ্দীন, আনোয়ার হোসেন লিপু, আবদুল মন্নান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, ছাত্রদলের যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ, মো. সালাউদ্দীন আলী, শফিকুল ইসলাম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ