আজকের রায়ে তারেক রহমানের মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল। তার কারণ তিনিই হচ্ছেন এ হামলার মুলহোতা।’ এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মূলহোতা খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমান। এই হামলায় জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে একেবারে শেষ করে দেওয়ার যে যড়যন্ত্র হয়েছিল, তার নায়ক ছিলেন তিনি। এ অবস্থায় তারেক রহমানকে আজকের রায়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ধারণা, তার মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল। কেননা, এই হামলা কার্যকর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যারা, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, তাই রায়ের কাগজপত্র পাওয়ার পর আমরা চিন্তা-ভাবনা করবো, তারেক রহমানকে এবং আরও দু’জন কায়কোবাদ এবং হারিছ চৌধুরীকে যে যাবজ্জীবন দেওয়া হয়েছে, সেটার জন্য আমরা উচ্চ আদালতে গিয়ে ফাঁসির জন্য আপিল করবো কি-না। ১০ অক্টোবর এ মামলার রায়ের পর সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।




