কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ফের প্রাণ গেল তিনজনের। ১২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইনানী রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- হারবাং ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জমিদারপাড়ার বাসিন্দা আবু তাহের (৫০), মুসলিমপাড়ার আব্দুস সাত্তারের ছেলে তাজ উদ্দিন (৩২)। পেকুয়া উপেজলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা গ্রামের আবদুল মালেকের ছেলে ইজিবাইকচালক ইউনুস মিয়া (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেইনবো স্টিকার লাগানো ঢাকা (মেট্রো-ম-১১-৪৪১৪) নম্বরের কক্সবাজারমুখী কাভার্ডভ্যানটি একই দিক দিয়ে চকরিয়ামুখী ইজিবাইককে ধাক্কা দিলে তার ভেতর বসা নারী যাত্রীসহ সবাই সড়কে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইয়াসিন আরাফাত বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে আনার পর আরেকজনের মৃত্যু হয়। মরদেহগুলো বানিয়ারছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।




