সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......তারা আরেকটি এক-এগারোর ষড়যন্ত্র করছে : ড. হাছান মাহমুদ

তারা আরেকটি এক-এগারোর ষড়যন্ত্র করছে : ড. হাছান মাহমুদ

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেনকে এক-এগারোর কুশীলব আখ্যায়িত করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তারা এখন আরেকটি এক-এগারোর ষড়যন্ত্র করছে। তারা দেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে। ৮ আগস্ট দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ ভিমরুলের চাক। এখানে ঢিল মারলে দল ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে জানে। শুধুমাত্র আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখনো আমরা কিছু বলিনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আলোচনা সভার আয়োজন করে।

হাছান মাহমুদ আরো বলেন, ছাত্রদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবাদিকদের ওপর যারা হামলা ও নির্যাতন করেছে, তাদের সরকার খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করবে। ইতোমধ্যে অনেককেই গ্রেফতার করা হয়েছে। বাকি যারা আছেন তাদেরও আইনের আওতায় আনা হবে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানি দিয়েছেন, তাদেরও চিহ্নিত করে বিচার করা হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যারা ছাত্র আন্দোলনকে বিপথগামী করার প্রচেষ্টা করেছিল, তাদের বিষয়ে তদন্ত চলছে, তাদের বিচার হবে। এছাড়াও সাংবাদিকদের ওপরও যারা হামলা করেছে তাদেরও আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের সমালোচনা করে তিনি বলেন, সুজন সম্পাদক তার বাড়িতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে নৈশ ভোজের দাওয়াত দিয়েছিলেন। আসলে সেটি নৈশ ভোজের দাওয়াত ছিল না, ছিল ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের সঙ্গে যেসব এনজিও রয়েছে, তাদের তহবিলের তদন্ত হওয়া উচিৎ। তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা উচিৎ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাস। আরো বক্তব্য রাখেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, অভিনেত্রী অরুণা বিশ্বাস এবং সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

আরও পড়ুন

সর্বশেষ