শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ ভবিষ্যতের এশিয়ান টাইগার : মজিনা

বাংলাদেশ ভবিষ্যতের এশিয়ান টাইগার : মজিনা

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশ এশিয়ার টাইগারে পরিণত হবে। এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হলেও বর্তমানে এটি ইমাজিং কান্ট্রিতে পরিণত হয়েছে। বিপুল সম্পদের অধিকারী বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশ।

শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার সিংগারদিঘী এলাকায় অবস্থিত প্লেজ হারবার স্কুল এন্ড স্পোর্টস একাডেমী আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সংস্কৃতি, কৃষি, হাই-টেক এবং শিল্প কারখানায় সমৃদ্ধ একটি দেশ। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে এ দেশ টেক্সটাইল শিল্প রপ্তানীর প্রধান দেশ হিসেবে পরিণত হবে। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, মেধাবী ছাত্ররাই দেশের ভবিষ্যত। তারাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। ড্যান মজীনা বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের সমস্যা বাংলাদেশকেই সমাধান করতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক দল সমূহের মধ্যে পারস্পরিক গঠনমূলক আলোচনার কোন বিকল্প নেই। আলোচনার মাধ্যমেই একটি উপায় বের হবে এবং একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। জাতিসংঘের সেক্রেটারী জেনারেল উভয় দলকেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্য বলেছেন, রাজনৈতিক সহিংসতা পরিত্যাগ করতে বলেছেন, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোন স্থান নেই। স্কুলের চেয়ারম্যান সাইদুল আলম এবং পরিচালক ও অধ্যক্ষ মিঃ মার্টিন ম্যাই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে মিসেস গ্রেস মজীনা, মিসেস মাহবুবা আলম এবং ইউএস এইডের প্রতিনিধি মি. রাডো মন্টিনো উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড্যান মজীনা ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সহযোগিতায় প্লেজ হারবার স্কুল এন্ড স্পোর্টস একাডেমী আয়োজিত ‘কেমন হবে ২০৪০ সালের বাংলাদেশ’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

আরও পড়ুন

সর্বশেষ