মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৪ আগস্ট রাত ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে। মার্শা বার্নিকাট গতরাতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসা থেকে রাতের খাবার খেয়ে ফিরছিলেন। এসময় তার গাড়িতে হামলা চালায় অজ্ঞাত দুবৃত্তরা। এ বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘কাল রাতে ফেয়ারওয়েল ডিনারে এসেছিলেন মার্শা বার্নিকাট। যাওয়ার পথে তিনি হামলার শিকার হয়েছেন। তার গাড়ি ভাঙ্গচুর করা হয়েছে এবং তার ড্রাইভার ও আমার ছেলে আহত হয়েছেন। দুবৃত্তরা আমার বাড়িতেও হামলা করেছে, ঢিল ছুঁড়েছে। আমি তাদের চিনতে পারিনি।
এ ব্যাপারে মামলা করবেন কি না এমন প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, রাত পযন্ত কোনো মামলা হয়নি। তবে সকালে তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানান। কে বা কারা কিংবা কেনই বা এই হামলা চালানো হয়েছে সে সম্পর্কে কিছু বুঝতে পারছেন না বলেও জানান সুজন সম্পাদক। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, গতরা তে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়েছিলেন তিনি। কিন্তু তারা গিয়ে কাউকে পায়নি। এমনকি এই বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলেও জানান ওসি।




