টঙ্গীতে পানির ট্যাংক পরিষ্কার করার সময় অসুস্থ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। ৯ জুলাই বেলা সাড়ে ১২টায় টঙ্গীর পূর্ব ব্যাংক পাড়া এলাকার ওই সেপটিক ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়লে তাদের নিকটস্থ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন-শাহীন (২৫), আতিক (৩০) ও ফারুক (৩৫)। স্থানীয়রা জানান, পানি ট্যাংকে পরিষ্কার করতে যায় তারা তিনজন। প্রথমে শাকিল নামে একজন নামতে গিয়ে প্রচণ্ড গ্যাসের কারণে উঠে আসে। পরে ফারুক ট্যাংকের ভেতরে নেমে অজ্ঞান হয়ে যান। কোন শব্দ না পেয়ে আতিক নামেন। দুইজনের কোন শব্দ না পেয়ে শাহীন নামেন। এরপর উপরে থাকা আরও শ্রমিকরা আশপাশের লোকজনকে ডেকে তাদের তিনজনকে মৃত অবস্থায় উপরে তুলে আনেন। টঙ্গী থানার ওসি মো. কামাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে ছুটে যায়। তার আগেই স্থানীয় লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে যায়। গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। মামলার প্রস্তুতি চলছে।



