রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবেসরকারি হাসপাতাল বন্ধ: রোগীদের চাপ বেড়েছে চমেকে

বেসরকারি হাসপাতাল বন্ধ: রোগীদের চাপ বেড়েছে চমেকে

চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল মালিক সমিতির ডাকে চিকিৎসকদের ধর্মঘটের ফলে চাপ বেড়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। অনেকেই বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হতে না পেরে বাধ্য হয়েই যাচ্ছেন চমেক হাসপাতালে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত ৮ জুলাই বিকেলের পর রোগীর চাপ বাড়তে থাকে। ৯ জুলাই ও বেলা বাড়ার সঙ্গে বাড়ছে রোগির সংখ্যা।

হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. বহ্নি চক্রবর্তী জানান, প্রতিদিন সাধারণত সাড়ে ৬০০ থেকে ৭০০ রোগী জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। বর্হিবিভাগে আসেন দুই হাজারের মতো। কিন্তু ধর্মঘট শুরুর পর থেকে রাত পর্যন্ত জরুরি বিভাগে রোগী এসেছেন ১১০০। বর্হিবিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন ২৭০০ জন। ৪০ টি ওয়ার্ডের ধারণ ক্ষমতা ১৩৫০। তবে সোমবার দুপুর পর্যন্ত রোগী ভর্তি আছেন চার হাজার জন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেককেই উপায় না পেয়ে মেঝেতে রাখতে হচ্ছে বলেও জানালেন এই চিকিৎসক।

বহ্নি চক্রবর্তী আরো জানান, রোগীর চাপ সামাল দিতে চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে নার্সসহ সংশ্লিষ্টদেরও ছুটি। জরুরি বিভাগে বাড়ানো হয়েছে চিকিৎসকের সংখ্যা। এই পরিস্থিতি আরো দুই তিন থাকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে চাপ সামলানো কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।

হাসপাতালের চতুর্থ তলার সার্জারি বিভাগের ২৪ নম্বর ওয়ার্ড, পঞ্চম তলার অর্থপেডিক ওয়ার্ড ও হৃদরো্গ বিভাগে গিয়ে দেখা গেল প্রতি সিটের নিচে দুই থেকে চারজন করে রোগীকে ফ্লোরিং করানো হচ্ছে। সিঁড়ি দিয়ে উঠে হাঁটার স্থানটুকুও নেই। যেদিকে চোখ যায় সবস্থানেই অসুস্থ মানুষ।

জেলার সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, তিনি বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর নিয়েছেন। পটিয়াসহ যেখানে রোগীর চাপ বেশি সেখানে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসকদের তাদের সর্বোচ্চটুকু দিয়ে মানুষকে সেবা দিতেও বলা হয়েছে বলে জানান সিভিল সার্জন।

নগরীর ম্যাক্স হাসপাতালে রোববার অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। এর প্রতিবাদে ধর্মঘটের ডাকে দেয় বেসরকারি হাসপাতাল মালিক সমিতি। ফলে নগরীর সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ