স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
বাংলাদেশ কোচ শেন জার্গেনসেনের চাওয়া- ২০১৫ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে তার বেশিরভাগ খেলোয়াড়ররা মানিয়ে নেবে। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো খেলোয়াড়রা টুর্নামেন্টে শারীরিকভাবে ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে থাকবে এমনটাই বিশ্বাস অস্ট্রেলিয়ান কোচের। আর তারা ভালো খেললে দ্বিতীয় রাউন্ড অসম্ভব দেখছেন না তিনি।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এ দলের সফর ছাড়াও জার্গেনসেন চান খেলোয়াড়রা সেখানে অনুশীলন সেশনে যোগ দেবে। সাকিব-মুশফিকরা সর্বশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ২০১০ সালে। এর দুবছর আগে তিনটি ওয়ানডে খেলে অস্ট্রেলিয়ার মাটিতে।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় চারটি ও নিউজিল্যান্ডে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। জার্গেনসেনের বিশ্বাস, সেখানকার কন্ডিশন খেলোয়াড়দের জন্য কঠিন হবে না। তিনি বলেন,‘ছেলেরা আরও বেশি বিকশিত হবে। বাকি দেড় বছরে আরও অভিজ্ঞ হবে। খেলোয়াড়দের বেশিরভাগের বয়স হবে ২৬, ২৭ বা ২৮ বছর। শারীরিক ফিটনেসের শীর্ষে থাকবে তারা। ভেন্যুগুলো তাদের জন্য বড় বাধা হবে না। গাব্বা, ক্যানবেরা, অ্যাডিলেড, মেলবোর্ন, হ্যামিল্টন ও নেলসনের উইকেটগুলো ভালো।’
অস্ট্রেলিয়ায় এ দল পাঠানোর পাশাপাশি ভিন্ন কয়েকটি টুর্নামেন্টে খেলতে খেলোয়াড়দের পাঠানোর পরিকল্পনা আছে ৩৭ বছর বয়সী এই কোচের। পেসারদের কুইন্সল্যান্ডে অনুশীলন করানো হবে জানালেন তিনি। এছাড়া সাকিব-তামিমকে বিগ ব্যাশ লিগে খেলানোর ইচ্ছাও আছে জার্গেনসেনের।




