ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
যে সব অভিযোগ এনে মন্ত্রিসভা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছে ইউনূস সেন্টার। সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্তের পর রাতে এক বিবৃতিতে সেন্টারের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়। নোবেলজয়ী ইউনূস এই সেন্টারের প্রধান।
এর আগে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণব্যাংকের সাবেক এমডি ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবৈধ আয় ও কর ফাঁকির অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় মন্ত্রিসভা। সরকারের ব্যাংকিং বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংক এ নির্দেশ বাস্তবায়ন করবে। প্রয়োজনে এদের আইনি সহায়তা দেবে আইন মন্ত্রণালয়।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশারারফ হোসাইন ভুইঞা সাংবাদিক এ তথ্য জানান।
ড. ইউনূসের বিরুদ্ধে বেআইনিভাবে বিদেশী ১৫৬টি প্রতিষ্ঠান থেকে ৫০ কোটি ৬১ লাখ ৮৫ হাজার ৫৮৮ টাকা আয় ও ১২ কোটি ৫৬ লাখ ৪৬ হাজার ৩৯৭ টাকা কর ফাঁকির অভিযোগ এনেছে এনবিআর।




