ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বিদেশ থেকে আনা অর্থ ও কর সংক্রান্ত বিষয়ে নিয়ম ভেঙে আয়কর অব্যাহতি নেয়া, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিধি লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১২ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৩৯৭ টাকা কর ফাঁকির বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যাংকিং বিভাগকে দেশের প্রচলিত আইনানুযায়ী এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, এনবিআর অনুসন্ধান করে দেখেছে, ড. ইউনূস তার বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিভিন্ন সময়ে বিদেশে গেছেন। সেখানে ১৩৩টি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তিনি সম্মানী গ্রহণ করেছেন। এছাড়া ১০টি প্রতিষ্ঠান থেকে পুরস্কার এবং ১৩টি প্রতিষ্ঠান থেকে রয়ালটি পেয়েছেন। যার মূল্য ৫০ কোটি ৬১ লাখ ৮৫ হাজার ৫৮৮ টাকা। এ আয়ের কোনো কর ড. ইউনূস দেননি।




