ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট সমাধানে প্রধান দু’টি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করতে হবে। দেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিকল্প আর কোন পথ নেই বলে উল্লেখ করেন। অতীতেও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। সোমবার নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী-চীন মৈত্রী কেন্দ্রে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস মজীনা, মনোহরদী-বেলাব আসনের সংসদ সদস্য এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মনোহরদী-বেলাব আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লে: কর্ণেল (অব:) জয়নুল আবেদীন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোঃ শাখাওয়াত হোসেন, সাংবাদিক মুন্নি সাহা, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী প্রমুখ।
এর আগে সকাল ১১ টায় নরসিংদীর সার্কিট হাউজে জেলা প্রশাসনের পক্ষ থেকে ড্যান মজীনাকে সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ড্যান মজীনা বলেন, বাংলাদেশ এক উজ্জল সম্ভাবনাময় দেশ। এদেশে অফুরন্ত সম্পদ রয়েছে। তেল, গ্যাস ও কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধীত হয়েছে। রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। এদেশের সাধারণ মানুষ অত্যন্ত পরিশ্রমি। এদেশের সকল উন্নয়ন কর্মকান্ডে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক এড. আসাদোজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন প্রমুখ। এসময় ড্যান মজীনা এবং তার স্ত্রীকে নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতের শাড়ী ও লুঙ্গী উপহার দেন জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম। এর আগে সকাল ৯ টায় ড্যান মজীনাকে নরসিংদীর পাঁচদোনার চৈতাবতে স্থাপিত ঐতিহ্যবাহী ড্রিম হলিডে পার্কের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করা হয়। ড্রিম হলিডে পার্কের মালিক প্রবীর সাহা, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগমসহ অনান্যরা এসময় উপস্থিত ছিলো। সংবর্ধনা অনুষ্ঠানে ড্যান মজীনা এই পার্কের ভূয়সী প্রশংসা করে বলেন, এই পার্কের উন্নয়নের জন্য আমেরিকা সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।




