ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
কারাবন্দি ঐশী রহমানের সঙ্গে দেখা করলেন নিহত পুলিশ ইন্সপেক্টরের ছোট ভাই মশিউর রহমান রুবেল। গতকাল দুপুরে কাশিমপুর মহিলা কারাগারে গিয়ে তিনি ঐশীর সঙ্গে দেখা করে সান্ত্বনা দিয়েছেন। ঐশীর হাতখরচের জন্য দিয়েছেন তিনি দেড় হাজার টাকা।
কারাসূত্র জানায়, বাবা-মাকে খুনের পর এই প্রথম ঐশীর কোন ঘনিষ্ঠ স্বজন ঐশীকে দেখতে গেলেন। তার পাশে থেকে আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন। এতে ঐশী আবেগতাড়িত হয়ে পড়েন। নিজের ভুলের জন্য চাচার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় চাচা মশিউর রহমানও আবেগতাড়িত হয়ে পড়েন।
কান্নাজড়িত কণ্ঠে ঐশীকে বলেন, তুমি কেন এমন পাপের কাজ করলে? তোমার সমস্যা আমাদের কাছে কেন প্রকাশ করোনি। এ সময় ঐশী অঝোরে কাঁদতে থাকলে পরক্ষণেই তিনি সান্ত্বনা দিয়ে বলেন, তুমি ছোট মানুষ, ভুল করেছো। আর কোন অন্যায়ের আশ্রয় নিয়ো না। আমরা সবাই তোমার পাশে আছি। কখনও তোমাকে ছেড়ে যাবো না।
ঊর্ধ্বতন একজন কারা কর্মকর্তা বলেন, চাচা-ভাইজির মধ্যে প্রায় ১০ মিনিট কথা হয়েছে। এ সময় তারা উভয়ে অঝোরে কেঁদেছেন। পরে ঐশী তার খালু ও ছোট ভাইকে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন। তার মনোবেদনা ও গোপন কথা প্রকাশ করার জন্য খালু ও ছোট ভাইকে কারাগারে যাওয়ার জন্য চাচার কাছে বারবার অনুরোধ করেছেন।




