শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন

মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ১৪টি অভিযোগ রয়েছে। একই সঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষকে সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের প্রথম ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেম আলীর বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের উপর আদেশের জন্য দিন ধার্য ছিলো।

সকালে অভিযোগ গঠনকালে ট্রাইব্যুনাল মীর কাসেম আলীর কাছে অভিযোগ সম্পর্কে সত্য-মিথ্যা জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

আসামিপক্ষে তানবীর আহমেদ আল আমিন ও রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ মে জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৭ জুন দিন ধার্য করেছিলেন। গত ১৬ মে প্রসিকিউশন টিম ১৪টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর দাখিল করেন।

গত ৬ মে মীর কাসেম আলীর বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুন্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগে তদন্ত চূড়ান্ত করে তদন্ত সংস্থা প্রসিকিউশনে জমা দেয়।

গত বছরের ১৭ জুন মীর কাসেম আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওইদিন বিকেলে মতিঝিলে দৈনিক নয়া দিগন্ত কার্যালয়ের (দিগন্ত মিডিয়া কর্পোরেশন) থেকে তাকে গ্রেফতার করে বিকেল সোয়া চারটার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনাল মীর কাসেম আলীকে কারগারে পাঠানোর নির্দেশ দিলে ওইদিন রাত সাড়ে আটটার দিকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

এরপর ১৯ জুন মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মীর কাসেমের জামিন আবেদন খারিজ করে দেয়া হয়। একই সঙ্গে ৫ জুলাই তার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয় আদালত।

গত ৮ জুলাই প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে মীর কাসেম আলীকে সেভ হোমে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। এরপর পর্যায়ক্রমে তাকে সেভ হোমে নিয়ে দুইবার জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ