বিশেষ প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারো বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করা হয়েছে। এগুলোর ওজন প্রায় ১৮ কেজি। শুক্রবার সকালে শুল্ক কর্তৃপক্ষ এগুলো আটক করে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, ইউনাইটেড এয়ারওয়েজের মাস্কট-দুবাই-ঢাকা ফ্লাইটে আসা যাত্রীদের বহনকারী একটি বাসে ওই সোনা পাওয়া যায়।
এপিবিএনের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) ইকবাল হোসাইন বলেন, বিমান থেকে যাত্রীদের নামিয়ে ওই বাসে করে টার্মিনালে আনা হচ্ছিল। বাসের চালকের পাশে কালো রংয়ের একটি স্পোর্টস ব্যাগের ভেতরে ১৫৬টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন প্রায় ১৮ কেজি। ইউনাইটেড এয়ারওয়েজের ওই বাসচালককে এ ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে বলে জানান তিনি।
শাহজালাল বিমানবন্দরে গত দুই মাসে এ নিয়ে তিনটি সোনার চালান আটকের ঘটনা ঘটল। একই সময়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও দুটি চালান আটক করা হয়।




