স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে অভিযুক্ত নয়জনের নাম গোপন রেখে গত ১৩ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে প্রতিবেদন জমা দেয় দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু)। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থন বা দোষ স্বীকারে ১৪ দিন সময় দিয়েছিল বোর্ড। মঙ্গলবার ছিল এর শেষদিন। অভিযোগ অস্বীকার করে ইতোমধ্যে আইনজীবী নিয়োগ দিয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটরস তারকা মোশাররফ হোসেন রুবেল ও মাহবুুবুল আলম রবিন।
জাতীয় দলের এই দুই ক্রিকেটারের পক্ষে কাজ করছেন ব্যারিস্টার নূর উস সাদিক ও অ্যাডভোকেট সাইদুজ্জামান তুহিন। মোশাররফ-মাহবুবুলের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন দুই আইনজীবী। তাদের নির্দোষ দাবি তুলে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বরাবর চিঠিও দিয়েছেন সাদিক ও তুহিন। বোর্ড প্রধানের পক্ষে চিঠি গ্রহণ করেছেন ব্যক্তিগত সচিব তাওহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে নূর উস সাদিক বললেন,‘কিছু ভিত্তিহীন অভিযোগের উপর ভিত্তি করে রবিন ও রুবেলকে দোষী বানিয়েছে বিসিবি ও আকসু। প্যানেলের কাছে আপিলের কাগজপত্র ও অভিযোগের বিষয়বস্তু দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে গঠন হলে বিস্তারিত জানাব।’
দোষ প্রমাণের আগেই খেলোয়াড়দের সাময়িকভাবে নিষিদ্ধের বিরুদ্ধে এই আইনজীবী,‘বিদেশে বা অন্য দেশে যে কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ এলেই তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় না। কিন্তু বাংলাদেশে সেটা হয়ে থাকে। এই দুই খেলোয়াড় সাময়িকভাবে যেন খেলতে পারে সেই আবেদন বিসিবিকে করা হবে। আমরা খুবই আত্মবিশ্বাসী রুবেল ও রবিন আবারও খেলায় ফিরতে পারবে।’




