ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ওইদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার লিখিত পরীক্ষা হবে। এ সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এবিএম আবদুল হান্নান জানান, ভর্তি পরীক্ষা দিন নির্ধারণ করতে মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠক হবে। আসন বৃদ্ধির ব্যাপারেও মঙ্গলবারের সভায় স্বিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রে জানা গেছে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য ও শিক্ষা), সরকারি ও মেডিকেল কলেজের অধ্যক্ষরা উপস্থিত থাকবেন।
চিকিৎসা শিক্ষায় প্রথম বর্ষে ভর্তিতে এবার আগের নিয়মই বহাল থাকছে। এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী বাছাইয়ে যথারীতি এমসিকিউ পদ্ধতির ভর্তি পরীক্ষা এবং দুই পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের অর্জিত জিপিএ’র ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে।




