পল্লবী থানার নাশকতার এক মামলার চার্জশিট আমলে নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ২২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা মামলার ২০ আসামির বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল পরোয়ানা জারির বিষয়টি জানান। মামলার চার্জশিটভুক্ত ৬ আসামি জামিনে থেকে আদালতে উপস্থিত ছিলেন। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে পল্লবী থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।



