ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বাংলা সাহিত্যের বরপুত্র জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে আজ শুক্রবার গাজীপুরের নুহাশপল্লীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রিয় লেখকের ভক্ত-অনুরাগীরা যাতে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করতে পারে সেজন্য নুহাশপল্লী উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানান, হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবাষির্কী উপলক্ষে ভক্ত-অনুরাগীদের জন্য আজ শুক্রবার নুহাশপল্লী উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এছাড়া নুহাশপল্লীর পক্ষ থেকে বাদ জুমা গাজীপুরের পিরুজালী এলাকার ৭/৮টি এতিমখানা ও মাদ্রাসার সাড়ে ৪শ’ শিক্ষার্থী ইফতারের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করবেন।
পরে লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তাদের ইফতার করাবেন বলেও জানান বুলবুল।
তবে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিচ্ছেন না তার মা রত্মগর্ভা আয়েশা ফয়েজ।
এছাড়া ঢাকায় আলাদা একটি অনুষ্ঠানের আয়োজন করায় নুহাশে যাচ্ছেন না হুমায়ূন আহমেদের ভাই ড. মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব কিংবা হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিনের ঘরের ছেলে নুহাশ হুমায়ূন, মেয়ে শীলা আহমেদ, নোভা আহমেদ ও বিপাশা।
হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যু দিবসের প্রাক্কালে তার তিন সন্তান নুহাশ, শীলা ও নোভা গত শনিবার নুহাশপল্লীতে বাবার কবর জিয়ারত করেন।
প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন সাংবাদিকদের বলেন, “আমার শ্বাশুড়ি আয়েশা ফয়েজেসহ পুরো পরিবারকে আমি দাওয়াত করেছি। তবে হুমায়ূন আহমেদের মৃত্যুবাষির্কী উপলক্ষে ঢাকায় পারিবারিকভাবে তারা ইফতার মাহফিলের আয়োজন করায় হয়তো নুহাশপল্লীর অনুষ্ঠানে আসতে পারবেন না।”
লেখকের মা আয়েশা ফয়েজ জানিয়েছেন, “দু’একদিন পর তিনি নুহাশপল্লীতে ঘুমিয়ে থাকা ছেলের কবর জিয়ারত করতে যাবেন এবং নুহাশপল্লীতে রাতযাপন করবেন।”
নুহাশে ইফতার মাহফিলে শাওনের মা সংসদ সদস্য অ্যাডভোকেট তহুরা আলী, বাবা মুহাম্মদ আলীসহ বিভিন্ন প্রকশনা সংস্থার কর্ণধাররা অংশ নেবেন।
আজ শুক্রবার ফজরের নামাজের পরপরই মেহের আফরোজ শাওন তার দুই ছেলে নিষাদ ও নিনিতকে সঙ্গে নিয়ে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন। তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ভক্ত অনুরাগীদের জন্য নুহাশ উন্মুক্ত করে দেওয়া হয়।
এরপর থেকে পিরুজালী গ্রামে শাল গজারি বনের ভেতরে নিজ হাতে গড়ে তোলা আপন ভুবন নুহাশপল্লীর লিচুতলায় চিরনিদ্রায় শায়িত হুমায়ূন আহমেদের সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা জানাতে শুরু করে ভক্ত-অনুরাগীরা।
ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ গত বছরের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।




