শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউপ্রধানমন্ত্রীর আশুগঞ্জ সফর শনিবার

প্রধানমন্ত্রীর আশুগঞ্জ সফর শনিবার

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সফর করবেন। সফরকালে তিনি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নিজস্ব অর্থায়নে নির্মিত ৫৩ মেগাওয়াট ক্ষমতা সর্ম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্রের উদ্ধোধনসহ নির্মিতব্য পাঁচটি বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। চলতি মেয়াদে আশুগঞ্জে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জে একটি বিদ্যুৎকেন্দ্রের উদ্ধোধন ও বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেবেন। পরে আশুগঞ্জ পাওয়ার স্টেশন এলাকায় এক সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যপস্থাপনা পরিচালক মো. নূরুল আলম জানান, গত সাড়ে ৪ বছর ধরে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৮টি বিদ্যুৎ প্লান্টের মাধ্যমে ৬শ মেগাওয়াট বিদ্যুৎ জাতিয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এছাড়া নিজস্ব অর্থায়নে ৫৩ মেগাওয়াটের একটি প্লান্ট স্থাপন করা হয়েছে। আগামী শনিবার এ প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, সরকারের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আরও পাঁচটি বিদ্যুৎপ্লান্ট স্থাপন করার প্রস্তুতি চলছে। এগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় গ্যারান্টির ৪শ ৫০ মেগাওয়াটের একটি ও ২শ ২৫ মেগাওয়াটের একটি, এডিবি ও আইডিবির অর্থায়নে ৪শ ৫০ মেগাওয়াটের একটি ও যৌথ অংশীদারিত্বের অর্থায়নে ২০০ মেগাওয়াটের একটি। প্লান্টগুলো স্থাপনে প্রায় ১০ হাজার ৭শ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির রয়েছে ৭শ কোটি টাকা।
২০১৬ সাল নাগাদ প্লান্টগুলোর কাজ শেষ হলে আরও ১ হাজার ৩শ এক মেগাওয়াট বিদুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর আগমনে এলাকাবাসীর প্রত্যাশার কথা মনে করিয়ে দিয়ে আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম পারভেজ জানান, ২০১০ সালের ২৩মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জে একটি বিদ্যুৎপ্লান্ট উদ্ধোধনকালে এক জনসভায় আশুগঞ্জকে পৌরসভা করা এবং ৫০ শয্যা বিশিষ্ট একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিমার্ণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ঘোষণার দুই বছর পার হলেও এখন পর্যন্ত আশুগঞ্জ পৌরসভা এবং স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু না হওয়ায় এলাকাবাসীর মধ্যে হতাশা দেখা দিয়েছে।
তিনি বলেন, ‘আমরা আশা করব আগামীকাল শনিবার প্রধানমন্ত্রীর আশুগঞ্জ সফরের মধ্যদিয়ে এলাকাবাসীর আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে।’
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম জানান, আগামীকাল শনিবার প্রধানমন্ত্রীর আশুগঞ্জ সফরকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে যৌথ বাহিনীর সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করা হয়েছে। আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আরও বৈঠক করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ