নির্বাচন কমিশনকে উকিল নোটিশ দিয়েছে শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদ। ‘মশাল’ প্রতীক হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদকে দেয়ায় এই উকিল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত সময়োপযোগী নয় উল্লেখ করে তা বাতিলেরও দাবি জানিয়েছেন দলটির বিদ্রোহী অংশটির নেতারা। রোববার জাসদের এই অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়ার আইজীবী ড. শাহদীন মালিক এই উকিল নোটিস পাঠান।
শরীফ নূরুল আম্বিয়া বলেন, আমরা উকিল নোটিস পাঠিয়েছি। পাশাপাশি মশাল নিয়ে ইসির সিদ্ধান্ত বতিলের দাবি জানিয়ে এসেছি। গত ১২ মার্চ জাতীয় সম্মেলনকে ঘিরে দুই ভাগ হয় জাসদ। হাসানুল হক ইনু ও শিরীন আখতারের কমিটির পাশাপাশি কার্যকরী সভাপতি মঈনুদ্দীন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হকপ্রধানের আলাদা কমিটি ঘোষণার মধ্য দিয়ে এ বিভক্তি চূড়ান্ত হয়। দুই পক্ষই নিজেদের ‘মূল জাসদ’ দাবি করে দলীয় প্রতীক মশালের দাবি নিয়ে ইসির দ্বারস্থ হওয়ায় গত ৬ এপ্রিল আলাদাভাবে দুই পক্ষের শুনানি করে ইসি। এরপর গত ১৩ এপ্রিল নির্বাচন কমিশন ইনু-শিরীনের জাসদকেই ‘মূল ধারা’ হিসেবে স্বীকৃতি দেয়।




