ফরিদপুরের মধুখালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বড় ভাই আতিয়ার রহমান (৫৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় উভয়পক্ষের আরো পাঁচজন আহত হয়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের রায়যাদবপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির প্রার্থীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মো. আতিয়ার রহমান (৫৫) বাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মতিয়ার রহমানের বড় ভাই। আগামী ৭ মে এ ইউনিয়নে ভোট হওয়ার কথা। আহতরা হলেন- বাবুল (৩৮), সোহেল (২১), রেজাউল করিম (৪৮), মিঠুন (২৬) ও শাহাদাত (৪০)। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, রাত সাড়ে নয়টার দিকে বাঘাট বাজারে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পের সামনে দিয়ে বিএনপি প্রার্থীর সমর্থকরা কয়েক দফা মিছিল করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ১০টার দিকে বিএনপির প্রার্থীর সমর্থকরা আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা করে এবং কর্মীদের এলোপাতাড়ি কোপানো শুরু করে। এ সময় আতিয়ারসহ উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে আতিয়ারের মৃত্যু হয়। এ ঘটনায় বিএনপির প্রার্থী আব্দুর রহিমসহ আটজনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা করার পর আজ রোববার দুপুরে তাদের আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।




