অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্ত হয়ে, মুক্ত মনে বইমেলায় ঘুরে বেড়ানোর প্রত্যাশায় রয়েছি। এই বাংলা একাডেমিতে অনেক সময় কেটেছে আমার। এটি আমার প্রিয় জায়গা। ০১ ফেব্রুয়ারি বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বাংলা একাডেমিতে অনেক সময় কেটেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করেন যে, তার প্রয়াত বন্ধু বেবী মওদুদকে নিয়ে এখানকার লাইব্রেরিতে পড়াশোনা করতেন।
শেখ হাসিনা বলেন, এখানে আসতে আমার খুব ভালো লাগে। তবে অনেক নিয়মে বন্দি থাকতে হয় এখন। সরকারি কাজে ব্যস্ত থাকতে হয়। আবার কবে বইমেলায় অাগের মতো ঘুরে বেড়াতে পারবো! মুক্ত হয়ে বইমেলায় ঘুরে বেড়ানোর প্রত্যাশায় থাকলাম। তিনি আরও বলেন, সারা বছরই এখন অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকি বইমেলা কখন আসবে। ফেব্রুয়ারি আমাদের প্রেয়ণা দেয়। প্রতিবাদের ভাষা শেখায় এই মাস। বিজয়ের পথ দেখায় এই মাস।




