রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়মানবতাবিরোধী অপরাধের মামলায় সোলায়মান-ইদ্রিসের বিরুদ্ধে অভিযোগ দাখিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় সোলায়মান-ইদ্রিসের বিরুদ্ধে অভিযোগ দাখিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় শরীয়তপুরের সোলায়মান মোল্লা ওরফে সলেমান মৌলভী ও পলাতক ইদ্রিস আলী সরদার ওরফে গাজী ইদ্রিসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছেন প্রসিকিউশন। এ অভিযোগ আমলে নেওয়া হবে কি-না সে বিষয়ে আদেশের দিন আগামী ২৫ নভেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আনুষ্ঠানিক অভিযোগে সোলায়মান-ইদ্রিসের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে।

১৬ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগে দাখিল করেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা। এ অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশের দিন আগামী ২৫ নভেম্বর ধার্য করেন চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। এ সময় আসামি সোলায়মানের জামিনের আবেদন জানান তার আইনজীবী গাজী এমএইচ তামিম। ২৫ নভেম্বর এ আবেদনের শুনানির দিনও ধার্য করেন ট্রাইব্যুনাল। পলাতক ইদ্রিসের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আব্দুশ শুকুর খান উপস্থিত ছিলেন।  দুই আসামির বিরুদ্ধে গত ২৯ অক্টোবর সাত খণ্ডে ৮৫২ পাতার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ ও প্রসিকিউশনে হস্তান্তর করেন তদন্ত সংস্থা।

গত ১৪ জুন সোলায়মান-ইদ্রিসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওইদিনই রাতে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের নিজ বাড়ি থেকে সোলায়মান মোল্লা ওরফে সলেমান মৌলভীকে(৮৫) গ্রেফতার করা হলেও ইদ্রিস আলী সরদার পলাতক। ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয় সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সলেমান মৌলভীকে। ২০১০ সালে শরীয়তপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার রাজাকার সোলায়মান মোল্লা ও ইদ্রিস আলী সরদারসহ আরও সাতজন রাজাকারের (এদের অনেকেই মারা গেছেন) বিরুদ্ধে মামলাটি করেন। তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন জব্দ তালিকার ৩ জনসহ মোট ৩১ জন সাক্ষী।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ