মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত নোয়াখালী জেলার সুধারামের আমীর আহম্মেদ ওরফে রাজাকার আমীর আলী, মো. ইউসুফ ও মো. জয়নাল আবদিনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত তিনজনকে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন এ মামলার প্রসিকিউটর জাহিদ ইমাম। সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ মামলার পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরোয়ানা জারির পরপরই গ্রেফতার অভিযানে নামে নোয়াখালী জেলা পুলিশ।
দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর উত্তর ফকিরপুরের নিজ বাসা থেকে আমীর আহম্মেদ ওরফে রাজাকার আমীর আলীকে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে মো. জয়নাল আবদিনকে এবং রাত আটটার দিকে লক্ষীপুর জেলার রামগতি উপজেলার পোড়াগাছা গ্রাম থেকে মো. ইউসুফকে গ্রেফতার করা হয়। এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা অন্য দুই আসামি আবুল কালাম ওরফে এ কে এম মনসুর ও মো. আব্দুল কুদ্দুসকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ। সোমবার ট্রাইব্যুনালে দাখিল করা একই মামলার ওই পাঁচ আসামির বিরুদ্ধে বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে (ফরমাল চার্জ) মুক্তিযুদ্ধ চলাকালে নোয়াখালীর সুধারামে ১১১ জনকে হত্যা-গণহত্যার তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।




