চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার শমশেরপাড়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরমান হাজারী (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। একই ঘটনায় তার দুই সহযোগী আহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। আরমান হাজারী ভারতে গ্রেপ্তার হওয়া শিবির ক্যাডার সাজ্জাদ হোসেনের সহযোগী সন্ত্রাসী হিসেবে পরিচিত। সাজ্জাদের বাহিনীর দুই শীর্ষ ক্যাডার ম্যাক্সন ও সরওয়ারের সহযোগী হিসেবে আরমান কাজ করত বলে তথ্য দিয়েছে পুলিশ। নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) পারিতোষ ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৩টার দিকে নগরীরর পাঁচলাইশ থেকে চিহ্নিত সন্ত্রাসী আরমান হাজারীকে গ্রেফতার করা হয়।
পরে তার স্বীকারোক্তি মতে চান্দগাঁও থানার সমশেরপাড়া এলাকায় আরমান হাউজিং সোসাইটিতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় আরমানের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে সহযোগী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হয় আরমানসহ তিনজন। চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এস এম শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে আরমানসহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোর সোয়া ৬টার দিকে আরমানের মৃত্যু হয়। তার দুই সহযোগী চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থল থেকে তিনটি এলজি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। শহীদুল জানান, আরমানের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ২৩টি মামলা এবং অর্ধশতাধিক জিডি ও গ্রেপ্তারি পরোয়ানা আছে।




