সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে (৭০) । শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সেখানে নেওয়া হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন। বেলা ১১টার পর এ জনসংযোগ কর্মকর্তা বলেন, হাসপাতাল থেকে বের হচ্ছি। এখান থেকে বিমান বন্দর নেওয়া হচ্ছে।
তিনি বলেন, নিউমোনিয়া, ডায়াবেটিস ও হার্টের সমস্যা নিয়ে গত ৩ সেপ্টেম্বর রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। অবস্থার কিছুটা উন্নতি হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তবে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। সঙ্গে স্ত্রী ও ছোট মেয়ে থাকবেন বলেও জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম। মহসিন আলীকে নিয়ে যাওয়ার জন্য সকাল পৌনে দশটার কিছু আগে সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা পৌঁছে।




