প্রথমদিন নিজ কার্যালয়ে এসে মানবপাচার বন্ধ করাকেই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করলেন নতুন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসেন মন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, মানব পাচার বন্ধই আমার প্রথম চ্যালেঞ্জ। সাগর পথে অবৈধভাবে বিভিন্ন দেশে মানবপাচার বন্ধ করতে কাজ করব। আমার একার পক্ষে এটা বন্ধ করা সম্ভব না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা চাই। নতুন প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য অন্যতম বড় বাজার হওয়ার পরও কেন দেশটিতে নারী শ্রমিক কম গেলো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এরপর সে দেশে আরও বেশি নারী শ্রমিক পাঠানোর উদ্যোগ নেব।
নুরুল ইসলাম বিএসসি জানান, তিনি সৌদি আরব ও মালয়শিয়ার শ্রমবাজারে বেশি সংখ্যক বাংলাদেশি শ্রমিক পাঠানো ওপর গুরুত্ব দেবেন। এ সময় দেশে দক্ষ জনশক্তি তৈরির প্রতিও গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, টাইম টু টাইম অফিসে আসতে হবে। ৯টা হলে ৯টায়, ১০টায় অফিস হলে ১০টায়ই আসতে হবে। না হলে আমি নিজে হাজিরা খাতায় লালকালির দাগ দেব। এ মন্ত্রণালয়ের সবকিছু আমার নখদর্পনে আছে। আশা করি, কেউ আমাকে মিসগাইড করবেন না, বলেন মন্ত্রী।




