‘আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মত গতকাল রবিবার পালিত হলো বিশ্ব রক্তদাতা দিবস ২০১৫। এ উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সহায়তায় ও ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। সকালে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে রক্তদানে উদ্বুদ্ধকরণ র্যালী, প্রধান অতিথির নেতৃত্বে সভাপতি ও বিশেষ অতিথিসহ বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত অতিথি, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আওতাধীন স্কুল-কলেজ ইউনিটের যুব সদস্য ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যকরী পরিষদের সদস্য ও মুক্তদল সদস্য, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও রক্তকেন্দ্রের ডাক্তার, কর্মকর্তা, নার্স, কর্মচারী ও মিডওয়াইফারী নার্সদের অংশগ্রহণে রক্তদান উদ্বুদ্ধকরনে র্যালীটি জেমিসন মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণ হতে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ উপলক্ষে গতকাল ১৪ জুন সকাল ১১ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও বিডিআরসিএস এর ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডাঃ শেখ শফিউল আজম এর সভাপতিত্বে এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ও চট্টগ্রাম জেলা ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ এর সঞ্চালনায় রেড ক্রিসেন্ট হাসপাতাল প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান চৌধুরী বাবুল, সিটি ইউনিটের সেক্রেটারী এইচ এম সালাউদ্দিন, চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার, ডাঃ তিমির বরণ চৌধুরী, আশেক মাহমুদ মামুন ও সিটি ইউনিটের কার্যনির্বাহী সদস্য কাজী তৌফিকুল আজম, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের উপ-পরিচালক ও ইনচার্জ মোস্তাফিজার রহমান, চীফ মেডিকেল অফিসার ডাঃ রোজী দত্ত, ডাঃ সাদেকুর রহমান, ইউনিটের লেভেল কর্মকর্তা কাজী জানে আলম, ইউনিটের আজীবন সদস্য আনোয়ার আজম, নারী নেত্রী খালেদা আক্তার চৌধুরী ও সেলিনা আক্তার, প্রাক্তন যুব প্রধান সৌমিত্র চৌধুরী, প্রাক্তন প্রশিক্ষণ বিভাগীয় প্রধান এস এম এরফান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাতেমা বেগম রক্ত কেন্দ্রের ইনচাজ ডাঃ মিনহাজ উদ্দিন তাহের।
প্রধান অতিথি জনাব এম এ সালাম বলেন- ‘রক্তদান একটি মহৎ কাজ। রক্তদানের মাধ্যমে মানব সেবার পাশা পাশি নিজেরও সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব। কেননা রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে রক্তদান করলে সম্পূর্ণ বিনামূল্যে ৬টি (এইড আই ভি, হেপাটাইটিস্ বি, হেপাটাইটিস্ সি, সিপিলিস, ম্যালেরিয়া ও কলেরা) রোগের পরীক্ষা করা সম্ভব। ফলে কেউ যদি রক্তদান করে থাকে তাহলে তিনি ঐ সকল রোগের পরীক্ষা বিনামূল্যে করিয়ে ফেলতে পারে’।
তিনি আরও বলেন ‘ রেড ক্রিসেন্ট শুধু রক্তদান কর্মসূচী নয় আরো বিভিন্ন ধরণের মানব কল্যাণে কাজ করে থাকে। রেড ক্রিসেন্ট তাদের যুব সদস্যের মাধ্যমে বন্যা, ঘূণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও মানব সৃষ্ট দূর্যোগে মানুষের কল্যানে কাজ করে থাকে। তিনি রেড ক্রিসেন্টের সকল সেবামূলক কর্মকান্ডে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করে থাকেন’।
ডাঃ শফিউল আজম বলেন ‘রেড ক্রিসেন্ট প্রতিনিয়ত মানব কল্যাণে কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় রেড ক্রিসেন্ট জেলা ইউনিট বিশ তলা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছে। এ মহতী উদ্যোগে তিনি সকল বিত্তবান ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান করেন’ এবং তিনি আরো বলেন- যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান আত্মমানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে রক্তদান কর্মসূচীকে সামাজিক আন্দোলনে রূপান্তর করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আলোচনা সভা শেষে ৩০ বার, ২০ বার, ১০ বার রক্তদানের জন্য এবং বিভিন্ন প্রতিদান রক্তদান কর্মসূচী আয়োজনে সহযোগিতার জন্য এশিয়ান গ্রুপ, কমার্স কলেজ ইউনিট ও সিটি কলেজ ইউনিটকে রক্তদান সহযোগিতার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ব্যক্তি হিসাবে রক্তদান কর্মসূচী আয়োজনে সহযোগিতার জন্য যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, প্রাক্তন রক্ত বিভাগীয় প্রধান হারুন-উর-রশীদ, মহিউদ্দীন এনায়েত এবং কামরুল হাসান শাকিল কে সম্মানন স্মারক প্রদান করা হয়।




