ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ‘ঘটনাবহুল’ ও ‘ফলপ্রসূ’ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে মন্ত্রিসভায়। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মোদির সফরের পিছনে প্রধানমন্ত্রীর বিশাল অবদান রয়েছে বলেও উল্লেখ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। ০৬ ও ০৭ জুন দু’দিনের সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী। তার সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে বিভিন্ন চুক্তি ও প্রটোকল স্বাক্ষর হয়েছে, যা ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সফর খুবই ঘটনা ও কর্মবহুল। এটি খুবই ফলপ্রসূ সফর হয়েছে। তিনি আরও বলেন, এর পিছনে আমাদের প্রধানমন্ত্রীর বিশাল অবদান রয়েছে। তার দূরদর্শিতা, প্রজ্ঞা, আগ্রহ, নেতৃত্ব, ইতিবাচক মনোভাব, দ্বি-পাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতার প্রতি তার যে দৃঢ় অঙ্গীকার, এর ফলে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষে একটি সফল সফর সম্পন্ন করা সম্ভব হয়েছে।



