নগরীর ডবলমুরিং থানার মনছুরাবাদ এলাকায় একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ কার্যালয়ের অপারেটর জানান, পোশাক কারখানায় আগুনের খবর পেয়ে আগ্রাবাদ কার্যালয়ের ৪টি গাড়ি ও বন্দর ইউনিটের একটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
শিল্প পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরিফুর রহমান বলেন,‘খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনাস্থল থেকে বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট উজ্জ্বল ধর জানান, এশিয়ান গ্রুপের মাইলস ফেব্রিক্স কারখানার আটতলার গোডাউনে আগুনের সুত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।




