বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শুরু হয়েছে। আসামিপক্ষের জানানো বিভিন্ন আবেদনের শুনানি চলছে প্রথমেই। আবেদনগুলোর নিষ্পত্তির ওপর মামলার সাক্ষ্যগ্রহণ করা হবে কি-না তা নির্ভর করছে। রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে বুধবার বেলা সোয়া এগারটা থেকে শুনানি শুরু হয়েছে। দুই ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই দুই দুর্নীতি মামলায় নানা বিষয়ে আসামিপক্ষের পৃথক পৃথক আবেদনের শুনানি চলছে প্রথমেই।
খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলী। তাকে সহায়তা করছেন অ্যাডভোকেট সানাহউল্লাহ মিয়া, মহসিন মিয়া, মাসুদ আহমেদ তালুকদারসহ বিএনপির আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। তাকে সহায়তা করছেন মীর আব্দুস সালামসহ অন্যরা আইনজীবীরা। দুই দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে প্রধান আসামি খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে। অন্য দু’জন হচ্ছেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। দীর্ঘদিন ধরে শুনানিতে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এ গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। এর আগে মঙ্গলবারও খালেদার পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে আবেদন জানিয়েছিলেন। ওইদিনও বুধবার শুনানির এ দিন ধার্য করে দেন আদালত। মামলাটির অপর আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান খালেদার বড় ছেলে তারেক রহমানকেও বুধবার আদালতে হাজির করতে গত ২৫ ফেব্রুয়ারি তার আইনজীবীদের নির্দেশ দিয়েছিলেন আদালত। এ বিষয়েও শুনানি হচ্ছে আদালতে।




