ব্লগার ও লেখক অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত প্রধান সন্দেহভাজন আসামি শফিউর রহমান ফারাবীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান ডিবি পুলিশের ইন্সপেক্টর ফজলুর রহমান। রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের শুনানি করেন আদালত পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন। পরে শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন। গতকাল সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে আটক করে র্যাব।



