সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়নিজামীর আপিল মামলা কার্যতালিকায়

নিজামীর আপিল মামলা কার্যতালিকায়

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের এক নম্বর বেঞ্চের প্রকাশিত মঙ্গলবারের কার্যতালিকায় তিন নম্বরে আদেশের জন্য আপিল মামলাটি রাখা হয়। চার সদস্যের এ বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সদস্য হিসেবে রয়েছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গত বছরের ২৩ নভেম্বর মতিউর রহমান নিজামীর পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করেন নিজামীর আইনজীবীরা। এ আপিলের অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদিন তুহিন। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন নিজামী। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়। গত বছরের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন। নিজামীর বিরুদ্ধে মোট ১৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে ৮টি অর্থাৎ ১, ২, ৩, ৪, ৬, ৭, ৮ ও ১৬ নম্বর অভিযোগ প্রমাণিত হয় ট্রাইব্যুনালের রায়ে। প্রমাণিত চারটি অর্থাৎ ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগের প্রতিটিতে আলাদাভাবে নিজামীকে ফাঁসি এবং চারটি অর্থাৎ ১, ৩, ৭ ও ৮ নম্বর অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ৫ এবং ৯ থেকে ১৫ নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসব অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ