রাজনৈতিক কর্মসূচির আবরণে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সহিংসতা, সন্ত্রাস, নৃশংসতার বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে।
মঞ্জুরুল আহসান বুলবুল বলেন,‘রাতের অন্ধকারে পেট্রোলবোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। ভোটের অধিকারের নামে মানুষের জীবন বিপন্ন করা হচ্ছে। সচেতন নাগরিক হিসাবে, পেশাজীবী হিসাবে আমরা তা মেনে নিতে পারি না।’ তিনি বলেন,‘আমরা রাজনীতির বিরুদ্ধে নই, কিন্তু রাজনীতির আবরনে সন্ত্রাসী, দুর্বত্তদের মাঠে নামিয়ে শিক্ষার্থীদের জীবন বিপন্ন করা, মানুষ হত্যা কোনভাবেই মেনে নেওয়া যায়না। যারা রাজনীতির নামে মানুষ হত্যা করছে দায় দায়িত্ব তাদেরই নিতে হবে। কুৎসিত এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।’
বিএফইউজে সভাপতি বলেন,‘বোমাবাজি-সন্ত্রাস, পেট্রোলবোমা মেরে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় ২০ দলীয় জোট । তাদের লক্ষ্য হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করা। তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।’ তিনি বলেন,‘আমারা চাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত হউক। যুদ্ধাপরাধীদের বিচার হউক। রাজনীতির নামে যারা দেশকে ধ্বংস করতে চায়, যারা রাজনীতির নামে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করে ক্ষমতায় যেতে চায় আমরা সেই রাজনীতিকে ঘৃণা করি। সেই সঙ্গে সন্ত্রাস-সহিংতা এবং নৃশংতার পথ পরিহার করে সুষ্টু ধারার রাজনীতিতে ফিরে আসার জন্যে আমরা তাদের আহবান জানাচ্ছি।’
সিইউজে’র সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএফইউজের সহ সভাপতি আবু তাহের মুহাম্মদ, যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। মানববন্ধনে সংহতি প্রকাশ করেছেন সংসদ সদস্য সাবিহা মুসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আবুল হাশেম, গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশ, যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শওকত বাঙ্গালী। সমাবেশে সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিইউজের সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, নির্মল চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, ফটো জর্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ।




