চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষের রক্ত অর্জিত গণতন্ত্র আজ বিপন্ন। ফেসিস্ট আওয়ামী সরকার দেশের গণতন্ত্রকে পুলিশের পায়ের তলায় পিষ্ট করে বন্দুকের নল দিয়ে দেশের বিরোধী দল সমূহকে জিম্মি করে রেখেছে। কিন্তু এইভাবে বেশিদিন কোনো সরকারই ঠিকে থাকতে পারে নি, এই অবৈধ সরকারও পারবে না। বৃহস্পতিবার সকালে দেওয়ান বাজার চত্বরে চকবাজার ও বাকলিয়া থানার যৌথ উদ্যোগে হরতাল ও অবরোধের সমর্থনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে শাহাদাত হোসেনের নেতৃত্বে হরতাল ও অবরোধের সমর্থনে চকবাজার ধনিয়ার পুল থেকে একটি বিক্ষোভ মিছিল ডিসি রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওয়ান বাজারে এসে শেষ হয়।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ার পার্সেনের উপদেষ্টা রিয়াজ রহমানের উপর আওয়ামী সন্ত্রাসীরা গুলি করেছে। এখানো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি প্রশাসন। ফলে এ অবৈধ সরকারের অধীনে কেই নিরাপদ নয়। তিনি বলেন, এ দেশের মানুষ মুক্তিকামী, কারো রক্ত চক্ষুকে ভয় করেনা। যত বেশি গ্রেফতার, জুলুম, নির্যাতন-নিপীড়ন করা হবে আন্দোলন তত বেশি বেগবান হবে। এ অবৈধ সরকার পুরো দেশকে একটি কারাগারে পরিণত করেছে। দেশের মানুষের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এসময় তিনি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে চলমান আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং দেশপ্রেমী জনতাকে এ আন্দোলনে রাজপথে নামার আহ্বান জানান।
চকবাজার থানা যুবদল নেতা এমদাদুল হক বাদশার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল শুক্কুর, মোঃ সরোয়ার, নাছিম চৌধুরী, ইসমাঈল হোসেন লেদু, মোঃ সেলিম, মোঃ বাবুল, শফিউল বশর সাজু, ফোরকান, মোঃ জাবেদ, সম্রাট, সোহেল, বোরহান, মিজান, সুমন, সাজ্জাদ, প্রমুখ।




